সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা হটড্রেস মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘জিনজিরা ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। স্থানীয় ক্রীড়া সংগঠন ‘জিনজিরা ক্রীড়া সংঘ’-এর ১০ বছর পূর্তি (দশকপূর্তি) উপলক্ষে এই বর্ণাঢ্য প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) বিকেলের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো:আনোয়ার হোসেন।
খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মো: আনোয়ার হোসেন বলেন,”যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ১০ বছর ধরে জিনজিরা ক্রীড়া সংঘ যেভাবে স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করে আসছে, তা সত্যিই প্রশংসনীয়। সুস্থ-সুন্দর সমাজ গঠনে এই ধরনের ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ক্রীড়াপ্রেমী শত শত দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন। টুর্নামেন্টে স্থানীয় বেশ কয়েকটি দল অংশগ্রহণ করে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় এই খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।













