ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে সংবিধানে শিক্ষা ও চিকিৎসাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, জুলাই সনদের টেকসই ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং নারী ও শিশুর সুরক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে তরুণ ও ছাত্রদের অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আলোচনা করা হয় যে, ঐতিহাসিকভাবে যুগে যুগে তরুণরাই নতুন পথ দেখিয়েছে। তাই তাদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে সংবিধান সংশোধনের মাধ্যমে জাতির জন্য একটি জনবান্ধব ও যুগোপযোগী শাসনতন্ত্র প্রণয়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
জুলাই সনদ নিয়ে বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে বৈঠকে জানানো হয়, জুলাই সনদের ৬(ক) অনুচ্ছেদে উল্লিখিত ‘সংবিধান সংশোধন সাপেক্ষে সংস্কার’ বিষয়টি মেনে নিয়ে সকল রাজনৈতিক দল এতে স্বাক্ষর করলেও, বর্তমানে বিরোধী দল ইচ্ছাকৃতভাবে এটি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয় যে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ আন্তরিক। উপস্থিত তরুণ ও ছাত্র প্রতিনিধিরাও জুলাই সনদের বাস্তবায়নে সরকারের প্রতি আস্থা প্রকাশ করেন এবং সার্বিক বিষয়ে সহমত পোষণ করেন।
উক্ত বৈঠকে বিশেষ কমিটির সদস্য ও চীফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো.আসাদুজ্জামান,জয়নুল আবেদীন, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো.জোনায়েদ আব্দুর রহিম সাকি, প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নূরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বৈঠকে অংশ নেন।
















