তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি, কর্মপরিবেশ ও সামগ্রিক অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে পোশাক খাতের শ্রমিক মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দের সমবায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডিস্থ আহ্ছানিয়া মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিস্)-এর উদ্যোগে এই আলোচনা সভাটি আয়োজিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং বিস্-এর সহ-সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।
আয়োজিত সভায় বক্তারা তৈরি পোশাক খাতের শ্রমিকদের জীবনের মানোন্নয়ন, আইনগত অধিকার বাস্তবায়ন এবং একটি টেকসই ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শ্রমিকদের জন্য একটি সম্মানজনক ও যৌক্তিক ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের বিষয়ে জোরালো আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি। এই শিল্পের মূল কারিগর শ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করা কেবল মানবিক দায়িত্বই নয়, বরং শিল্পের দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও প্রবৃদ্ধির জন্যও অত্যন্ত জরুরি।” তিনি শ্রমিকদের স্বার্থসংক্রান্ত বিষয়গুলোতে মালিক, শ্রমিক ও সরকারের যৌথ ও গঠনমূলক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত বিভিন্ন ফোরামের নেতৃবৃন্দ পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে মজুরি কাঠামো সংস্কার এবং শ্রমিকদের নিরাপত্তা বিধানকল্পে বিভিন্ন সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, মজুরি বোর্ডের যৌথ আলোচনার মাধ্যমে শ্রমিক স্বার্থ সংরক্ষণ করে শিল্পের টেকসই উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে তৈরি পোশাক খাতের শ্রমিক প্রতিনিধি, শ্রম বিষয়ক বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্য এবং বিস্-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


















