আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মো. জসিম হোসেনের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে ভাদাইল জামিয়া নুরিয়া দারুন মাদ্রাসা থেকে কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ৬ নম্বর ওয়ার্ডের শাহজাহান মার্কেট এলাকাসহ বিভিন্ন অলিগলিতে মশা নিধন অভিযান পরিচালনা করা হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশার বিস্তার রোধ এবং ডেঙ্গু সংক্রমণের ঝুঁকি কমাতে এলাকাবাসীকে সচেতন করা।
এ সময় মো. জসিম হোসেন বলেন, পর্যায়ক্রমে ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি অলিগলিতে মশা নিধন কার্যক্রম অব্যাহত রাখা হবে, ইনশাআল্লাহ। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি এলাকাবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্থানীয়ভাবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















