সিরাজগঞ্জে মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বিরুদ্ধে হামলার নির্দেশ ও উসকানির অভিযোগ তুলেছেন দলের একাংশের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে দিনভর বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলীয় সূত্র দাবি করলেও তাঁদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সিরাজগঞ্জ শহর যুবদলের সভাপতি সোহান আহমেদ শামীমের দাবি, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের চক্রান্তের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল ও শহর যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুসারীরা তাঁদের ওপর হঠাৎ হামলা চালায়। পরবর্তীতে তাঁদের পক্ষ থেকেও প্রতিহত করা হয় বলে তিনি জানান।
দলটির জেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, সাইদুর রহমান বাচ্চুর সরাসরি নির্দেশেই তাঁর অনুসারীরা হামলা চালিয়েছে। এমনকি আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে বিতর্কিত করতে এবং রাজনৈতিক সুবিধা নিতে বাচ্চুর অনুসারীরা প্রতিপক্ষের সঙ্গে যোগসাজশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করা হয়। তবে এই অভিযোগের বিষয়ে সাইদুর রহমান বাচ্চুর কোনো মন্তব্য পাওয়া যায়নি;তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে তাঁকে পাওয়া যায়নি।
এদিকে,সংঘাতের সময় সাইদুর রহমান বাচ্চুর বাসভবনে হামলার খবর ছড়িয়ে পড়লেও তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এক পক্ষ বাসভবনে হামলার দাবি করলেও প্রতিপক্ষ তা অস্বীকার করে একে রাজনৈতিক অপপ্রচার বলে আখ্যা দিয়েছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজরান রউফ জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি।




















