কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষকের ১৩ বছর বয়সী নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের প্রায় এক দিন পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ী গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতীম। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে তার ব্যবহৃত দামী ‘আইফোন’টি সঙ্গে নিয়ে বের হয়েছিল। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে বিষয়টি পুলিশকে জানায়।
পরবর্তীতে আজ পার্কের পাশের জঙ্গলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। অপ্রতীমের সঙ্গে থাকা আইফোনটির কারণে নাকি অন্য কোনো শত্রুতাবশত এ হত্যাকাণ্ড ঘটেছে—তা নিয়ে এলাকায় গুঞ্জন ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং মূল রহস্য উদঘাটনসহ জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

















