জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে ৬ দিনের সরকারি সফরে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র যাচ্ছেন তাঁর ব্যক্তিগত আলোকচিত্রী ও পাবনার কৃতিসন্তান খালেদ হোসেন পরাগ।
ইতিমধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে তাঁর সফর সংক্রান্ত সরকারি মঞ্জুরি আদেশ জারি করা হয়েছে।
খালেদ হোসেন পরাগ পাবনা পৌর এলাকার শালগাড়িয়া থানাপাড়ার বাসিন্দা, মরহুম তোসাদ্দেক হোসেন বেনু এবং মোছাঃ আনোয়ারা হোসেনের সন্তান। তিনি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) পাবনা জেলা শাখার আহ্বায়ক এবং আলোকচিত্র সংগঠন ‘ছবির গল্প’-এর প্রতিষ্ঠাতা।
সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক এবং বাংলাদেশ আয়োজিত আলোচনা সভার আলোকচিত্র ধারণ করবেন তিনি। এছাড়া সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কানাডা, সৌদি আরব, পাকিস্তান, কুয়েত, থাইল্যান্ড, ভুটান ও জাতিসংঘের মহাসচিবসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকগুলোর বিশেষ মুহূর্তগুলোও তিনি আলোকচিত্রে ধারণ করবেন।
পাবনার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তর্জাতিক সফরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন এবং পাবনাবাসীর পক্ষ থেকে খালেদ হোসেন পরাগকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে।

















