রোহিঙ্গা সংকটের সমাধান ও প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।মঙ্গলবার ঢাকায় স্পিকারের কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, বিনিয়োগ, রোহিঙ্গা সংকট, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
স্পিকার বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীন গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছে। প্রায় ১২ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ যে জটিলতার মুখোমুখি হচ্ছে, তা সমাধানে চীনের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।বৈঠকে বাংলাদেশ-চীন সংসদীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়। স্পিকার সংসদীয় মৈত্রী গ্রুপকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের উন্নয়ন ও শিল্পখাতে চীনের বিনিয়োগের আগ্রহের কথা জানান। তিনি বলেন, মেগাপ্রকল্পের পাশাপাশি মাঝারি ও ছোট প্রকল্পেও চীনা বিনিয়োগ রয়েছে। উৎপাদন ও লজিস্টিক খাতে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চীন আগ্রহী বলেও জানান তিনি।বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডোর, জ্বালানি খাত এবং উপকূলীয় এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে বিনিয়োগের সম্ভাবনাও উঠে আসে।স্পিকার জানান, বাংলাদেশ ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন অব্যাহত রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের নির্বাহী পরিষদে বাংলাদেশের প্রার্থীর পক্ষে চীনের সহযোগিতাও কামনা করেন তিনি।











