মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যাঁ বলুন—এই স্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে “মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তোলার লক্ষ্যে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলায় এলাকার তরুণ ও যুবকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে অংশগ্রহণ করেন।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ খোকন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ—রাফিজুল ইসলাম রবিন, সোলাইমান কবির মিল্টন এবং বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম মোল্লা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব সুজন মাহমুদ, ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ মোজাম্মেল হোসেন এবং ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদপ্রার্থী কাজী মজিদা খাতুন বীথি। সোমভাগ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।
অনুষ্ঠানের বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাঁরা আগামীতেও এই ধরনের গঠনমূলক ও সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর জোর দেন।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। চমৎকার ও শান্তিপূর্ণ পরিবেশে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেন।
















