সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৪ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন প্রবাসী কর্মী এবং ১৩ জন ওমরাহযাত্রী। আহতদের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল সোয়া ৩টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের ওপর একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়। এতে দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হন এবং আহত হন ৩০৮ জন।
এর আগে নিহত দুই বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। তাঁদের একজন বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের শাহেদ আহম্মেদ। তিনি সাদ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানির জেদ্দা প্রকল্পে প্লাম্বার হিসেবে কর্মরত ছিলেন। ভাইয়ের মৃত্যুর পর ছুটিতে দেশে এসে রিয়াদ হয়ে কর্মস্থলে ফিরছিলেন তিনি।
নিহত অপর বাংলাদেশি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের নাসরুল্লাহ বদরপুরি। ওমরাহ ভিসায় সৌদি আরবে যাওয়া এই যাত্রী জেদ্দায় যাওয়ার উদ্দেশ্যে রিয়াদ বিমানবন্দরে ট্রানজিটে ছিলেন।
বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশিরা
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহত ২৪ বাংলাদেশি রিয়াদের অন্তত ১১টি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কিং আব্দুল্লাহ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন ঢাকার কামরাঙ্গীরচরের ওমরাহযাত্রী হাফেজ হাসান, ব্রাহ্মণবাড়িয়া সদরের ওমরাহযাত্রী কাজী নুরুল্লাহ এবং প্রবাসী কর্মী ওমর ফারুক। দূতাবাসের প্রতিনিধিরা তাঁদের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন। তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
ন্যাশনাল গার্ড হাসপাতালে অচেতন অবস্থায় ভর্তি রয়েছেন নওগাঁর রাণীনগরের সাফফাত রহমান এবং কুমিল্লার নাঙ্গলকোটের দাউদুল ইসলাম। তাঁরা দুজনই ওমরাহ ভিসায় সৌদি আরবে গিয়ে ট্রানজিটে ছিলেন।
রিয়াদ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঢাকার লালবাগের সাইদুল ইসলাম সৌরভ ও মিরপুরের আবুল মনসুর মো. রিয়াজ উদ্দীন। প্রিন্স সুলতান মিলিটারি হাসপাতালে ভর্তি রয়েছেন ঢাকার ডেমরার ওমরাহযাত্রী আব্দুল্লাহ।
সুলাইমান আলহাবিব হাসপাতালের তাখাসসুসি শাখায় চিকিৎসা নিচ্ছেন ঢাকার কামরাঙ্গীরচরের আরমান হোসেন এবং প্রবাসী কর্মী মোহাম্মদ ও ফয়সাল আহমদ আব্দুল হক।
কিংডম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী কর্মী রফিক মিয়া। কিং ফাহাদ মেডিকেল সিটিতে ভর্তি রয়েছেন ওমরাহযাত্রী ইসমাইল হোসাইন ও মিসবাহ উদ্দীন হীরক এবং প্রবাসী কর্মী রায়হানুল ইসলাম।
প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী কর্মী সালমা আক্তার, শাহাদাত হোসেন, মোশাহিদ আহমেদ সৈকত, জাহিদ আহমেদ ও সোবহে সাদেক মো. শাহজাহান সরকার।
এ ছাড়া এস্টার সনদ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবাসী কর্মী আসাদুল ইসলাম ও ওমরাহযাত্রী জামাল। সুলাইমান ফকিহ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওমরাহযাত্রী নাজমা আক্তার। সুলাইমান আলহাবিব হাসপাতালের আলসাহাফা শাখায় চিকিৎসাধীন রয়েছেন উমায়ের ও আব্দুল্লাহ কামিল।
প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীকে সহায়তা দূতাবাসের
হামলার পর বিমানবন্দর ও অভ্যন্তরীণ রুটে আটকে পড়া প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে সৌদিয়া এয়ারলাইন্স, রিয়াদ এয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের পাশাপাশি সৌদি আরবের অভ্যন্তরীণ গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা ১০০ জনের থাকার ব্যবস্থা করা হয়েছে। তাঁদের রিয়াদের ম্যারিয়ট হোটেল, রেডিসন হোটেল ও প্রিন্সেস নূরা ইউনিভার্সিটির আবাসনে রাখা হয়েছে।
এ ছাড়া এহরাম পরা ৬৭ জন ওমরাহযাত্রীকে বিশেষ বাসে রিয়াদ থেকে জেদ্দায় পাঠানো হয়েছে।
সৌদিয়া এয়ারলাইন্সের বাতিল হওয়া এসভি-৮০৪ ফ্লাইটের প্রায় ৪০০ যাত্রীকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি বাহরাইনগামী দুই কর্মীকে স্থলপথে যাত্রায় সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
বিমানবন্দরে একাধিক হামলার দাবি
প্রতিবেদন অনুযায়ী, রোববার রিয়াদ বিমানবন্দরে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। এ ঘটনায় বিমানবন্দরে আগুন ধরে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত এক সপ্তাহে বিমানবন্দরে এর আগেও হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও উল্লেখ করা হয়েছে।
হামলার পর বাংলাদেশ থেকে সৌদি আরবগামী অন্তত আটটি ফ্লাইট বাতিল হয়েছে। রিয়াদ বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ থাকায় বাতিল ফ্লাইটের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের মধ্যে হামলা ও বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সংঘাত এড়িয়ে শান্তি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে ঢাকা।












