আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আঃ গফুর মিয়ার উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ধামসোনা ঈদগাহ মাঠে এ নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ গফুর মিয়া। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তব্যে আলহাজ্ব আঃ গফুর মিয়া বলেন, ধামসোনা ইউনিয়নের উন্নয়নে প্রায় ৩২ কোটি টাকা ব্যয়ে একটি সেতু এবং প্রায় ২ কোটি টাকা ব্যয়ে একটি সড়ক নির্মাণের অনুমোদন হয়েছে। এসব উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “দল-মত নির্বিশেষে আপনারা একদিন আমার জন্য কাজ করবেন, আমি আপনাদের সেবা করার জন্য পাঁচ বছর সময় দিতে চাই।” এ সময় ভোটারদের উদ্দেশে তিনি বলেন, সামান্য অর্থের বিনিময়ে যেন কেউ নিজের ভোটাধিকার বিকিয়ে না দেন। যোগ্য প্রার্থী বিবেচনা করে স্বাধীনভাবে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি।
সভায় স্থানীয় উন্নয়ন, জনসেবা এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে উপস্থিত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় হয়।














