ঢাকার আশুলিয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত এক বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ভুয়া পুলিশি সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাঁদের ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,রায়হান মাতুব্বর (২৬),আলতাফ হোসেন(৪০)ও মোখলেসুর রহমান (৩২)।অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের চক্রের আরও ৫ থেকে ৬ জন সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান পরিচালনাকারী দল জানায়, তল্লাশিকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাফ, একটি চাপাতি, দুটি বাঁশের লাঠি এবং অপরাধে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম দেখে ধারণা করা হচ্ছে, আসামিরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বা ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের সাথে বড় ধরনের ডাকাতি ও ছিনতাইয়ের পরিকল্পনা করছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম সোহাগ জানান,”গোপন সংবাদের মাধ্যমে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করি। উদ্ধার করা আলামত থেকে স্পষ্ট যে এটি একটি সঙ্গবদ্ধ অপরাধী চক্র। এ ঘটনায় আশুলিয়া থানায় ডাকাতির প্রস্তুতির আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
তিনি আরোও জানান, পালিয়ে যাওয়া বাকি ৫-৬ জন সদস্যকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এলাকাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানটি বাণিজ্যিক এলাকা সংলগ্ন হওয়ায় অপরাধীদের তৎপরতা কমাতে নিয়মিত টহল জোরদার করার ওপর জোর দিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

















