কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কথিত লকডাউনকে কেন্দ্র করে দেশে সেনাবাহিনী মোতায়েনের কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।২৯ ও ৩০ নভেম্বরের কথিত লকডাউন ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী শরীয়তপুরের নওডোবা এলাকায় পদ্মা সেতুর অবতরণস্থলের কাছের একটি ঘটনার কথা উল্লেখ করেন।
তিনি জানান, ফজরের নামাজের পর বেশ কিছু লোক পদ্মা সেতু এলাকায় জড়ো হয়ে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি শুনেছেন। তবে সেখানে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিংবা সংঘর্ষের ঘটনাও ঘটে থাকতে পারে বলে তথ্য পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি বলেও জানান তিনি। তবে ওই ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং অন্যান্য বাহিনী ধৈর্য ও কৌশলের সঙ্গে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যসংখ্যা কিছুটা বাড়ানো হয়েছে।তবে বাহিনীগুলোর এই সতর্ক অবস্থান ও অতিরিক্ত মোতায়েনকে নিয়মিত নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।














