সর্বশেষ

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগে অনিয়মের অভিযোগ, উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে

অনলাইন ডেস্ক

ইসলামী ব্যাংকিংয়ের নীতিমালা অনুসরণ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ এবং সুদভিত্তিক কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে শাহজালাল ইসলামী ব্যাংকের বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে ব্যাংকটির প্রায় ৩ হাজার ১১ কোটি টাকার বিনিয়োগ পুনঃতফসিলসহ বিভিন্ন অনিয়মের তথ্য উঠে এসেছে।বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য কেনাবেচা ছাড়াই বিনিয়োগ তৈরি, একই পণ্যের বিপরীতে একাধিকবার মুনাফা দেখানো, পুরোনো ঋণ সমন্বয়ের জন্য নতুন বিনিয়োগ এবং সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে অর্থায়নের মতো ঘটনা ঘটেছে ব্যাংকটিতে।

ব্যাংকটির প্রধান কার্যালয়, ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখায় এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে চিহ্নিত অনিয়মের বিষয়ে তিন মাসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।বিশেষ পরিদর্শনে দেখা গেছে, ব্যাংকটি পাঁচটি সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানে মোট ১০০ কোটি ৬৭ লাখ টাকা বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ফাইন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস এবং ইউনিয়ন ক্যাপিটাল।

কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস সুদ হওয়ায় শরিয়াহভিত্তিক ব্যাংকের এ ধরনের বিনিয়োগ গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠানগুলো থেকে পাওয়া সুদের অর্থ আয় হিসেবে না রেখে ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।

পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে পণ্য কেনাবেচায় ৫ বছরের চুক্তি করল বাংলাদেশ

এ ছাড়া ২০২৫ সালে ১১টি সুদভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে কৃষিঋণ কার্যক্রম পরিচালনার তথ্য পাওয়া গেছে। এই কার্যক্রম থেকে অর্জিত ১ কোটি ৮৫ লাখ টাকা আয় হিসেবেও দেখানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক ওই অর্থও ক্ষতিপূরণ খাতে স্থানান্তরের সুপারিশ করেছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসলামী ব্যাংকিংয়ের মূল ভিত্তি হলো পণ্য কেনাবেচা, পণ্যের মালিকানা হস্তান্তর এবং সংশ্লিষ্ট ঝুঁকি গ্রহণ। কিন্তু ব্যাংকটির কিছু বিনিয়োগে এসব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বাস্তবে পণ্য কেনাবেচার পরিবর্তে কাগজপত্রের মাধ্যমে বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করার অভিযোগ পাওয়া গেছে।

ঢাকা প্রধান শাখা ও সিলেট শাখার বিভিন্ন নথি পর্যালোচনায় গ্রাহকের নামে ক্যাশ মেমো তৈরি, সরবরাহকারীর অস্তিত্ব না পাওয়া, পণ্য সরবরাহের প্রমাণ না থাকা এবং গ্রাহকের নিজের মাধ্যমে বিনিয়োগের অর্থ উত্তোলনের মতো ঘটনা উঠে এসেছে। এসব বিষয় ব্যাংকের অভ্যন্তরীণ শরিয়াহ পরিদর্শনেও যথাযথভাবে চিহ্নিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ব্যাংক কর্তৃপক্ষ এসব অভিযোগের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ শনিবার যুগান্তরকে বলেন, দেশে শরিয়াহ ব্যাংকিং বিষয়ে সুনির্দিষ্ট আইন না থাকায় দীর্ঘদিন ধরে ফতোয়ার ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক যেসব ক্ষেত্রে শরিয়াহ লঙ্ঘনের বিষয় চিহ্নিত করেছে, সেগুলো সংশোধন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

জ্বালানি আমদানির ব্যয় বাড়ায় চাপে অর্থনীতি, প্রবৃদ্ধি কম থাকার আশঙ্কা অর্থমন্ত্রীর

তিনি আরও বলেন, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ একসময় অনুমোদিত ছিল। এখন কেন্দ্রীয় ব্যাংক এ ধরনের বিনিয়োগকে শরিয়াহবিরোধী বলায় ভবিষ্যতে তা আর করা হবে না। একইভাবে এনজিওতে অর্থায়নের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করা হবে।পুনঃতফসিল ও পুনর্বিনিয়োগের বিষয়ে ব্যাংকটির এমডি জানান, বাংলাদেশ ব্যাংকের নীতিগত সহায়তা ও লিখিত নির্দেশনা অনুসরণ করেই এসব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। নতুন ইসলামী ব্যাংকিং নীতিমালা প্রণীত হলে তা মেনে চলবে ব্যাংকটি।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগে অনিয়মের অভিযোগ, উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে