সর্বশেষ

পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে পণ্য কেনাবেচায় ৫ বছরের চুক্তি করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা এবং আমদানির ক্ষেত্রে নতুন উৎস তৈরি করতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছর মেয়াদি বাণিজ্য সহযোগিতার সমঝোতা করেছে বাংলাদেশ। এ চুক্তির আওতায় দুই দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডালসহ বিভিন্ন কৃষিপণ্য কেনাবেচার সুযোগ পাবে।রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এবং পাকিস্তানের ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের (টিসিপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ এবং পাকিস্তানের পক্ষে দেশটির হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমঝোতা অনুযায়ী, দুই দেশের সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজন এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিভিন্ন পণ্য আমদানি-রপ্তানি করতে পারবে। সম্ভাব্য পণ্যের তালিকায় রয়েছে চাল, গম, পরিশোধিত ও অপরিশোধিত চিনি, ক্যানোলা, সয়াবিন, সূর্যমুখী, রাইস ব্র্যান ও পাম অলিন তেল।এ ছাড়া তিল, আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, চা, আনারস, কাঁঠাল, খেজুর এবং সারও এ বাণিজ্য সহযোগিতার আওতায় রাখা হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগে অনিয়মের অভিযোগ, উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে

তবে সমঝোতা স্মারক স্বাক্ষরের অর্থ এই নয় যে, এখনই সব পণ্যের আমদানি-রপ্তানি শুরু হয়ে যাচ্ছে। কোনো নির্দিষ্ট পণ্য কেনাবেচার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পণ্যের মান, পরিমাণ, বিবরণ এবং সম্ভাব্য সরবরাহের সময় উল্লেখ করে লিখিত প্রস্তাব দিতে হবে। এরপর আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে পৃথক চুক্তি সম্পন্ন করে আমদানি-রপ্তানির শর্ত নির্ধারণ করা হবে।

বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ বলেন, এই সমঝোতার ফলে দুই দেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি ও সুসংগঠিত বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠবে।পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার জানান, তাদের দেশে বাসমতি চাল, পেঁয়াজ ও আলুর উদ্বৃত্ত মজুত রয়েছে। বাংলাদেশ চাইলে এসব পণ্য সরবরাহ করতে তারা প্রস্তুত।চুক্তির শর্ত অনুযায়ী, সমঝোতা স্মারকটি স্বাক্ষরের দিন থেকে পাঁচ বছর কার্যকর থাকবে। পরবর্তী সময়ে স্বয়ংক্রিয়ভাবে আরও পাঁচ বছরের জন্য এর মেয়াদ নবায়ন হবে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ দেখা যায়। এর আগে পাকিস্তান থেকে আমদানি করা প্রতিটি পণ্য চালান শতভাগ কায়িক পরীক্ষার আওতায় ছিল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসব পণ্যকে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড ব্যবস্থার ‘রেড লেন’ বা লাল তালিকায় রেখেছিল।

জ্বালানি আমদানির ব্যয় বাড়ায় চাপে অর্থনীতি, প্রবৃদ্ধি কম থাকার আশঙ্কা অর্থমন্ত্রীর

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় পাকিস্তান থেকে আসা পণ্যগুলোকে ওই তালিকা থেকে অব্যাহতি দেওয়া হয়। এনবিআরের নির্দেশনায় জানানো হয়, ন্যাশনাল সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় পাকিস্তান থেকে আমদানি করা পণ্য আর রেড লেনে থাকবে না। ফলে প্রতিটি চালান খালাসের আগে উচ্চপর্যায়ের কর্মকর্তার মাধ্যমে কায়িক পরীক্ষা করার বাধ্যবাধকতা উঠে যায়।এরপর থেকেই পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে পণ্য আমদানির বিষয়ে আলোচনা আরও জোরালো হয়। বিশেষ করে চাল আমদানির বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে পণ্য কেনাবেচায় ৫ বছরের চুক্তি করল বাংলাদেশ