সর্বশেষ

জ্বালানি আমদানির ব্যয় বাড়ায় চাপে অর্থনীতি, প্রবৃদ্ধি কম থাকার আশঙ্কা অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে জ্বালানি ও গ্যাস আমদানি করতে গিয়ে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ চলমান থাকায় আগামী কিছুদিন দেশের প্রবৃদ্ধির হার তুলনামূলক কম থাকতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অর্থমন্ত্রী জানান, সরকার বর্তমানে অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীল করার পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে আগের তুলনায় দ্বিগুণ ও তিন গুণ বেশি দামে তেল-গ্যাস কিনতে হচ্ছে। ফলে আমদানি ব্যয় মেটাতে প্রতিনিয়ত বাড়তি অর্থের প্রয়োজন হচ্ছে। এই পরিস্থিতিতে প্রবৃদ্ধির হার কিছুটা কম থাকাকে বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

জ্বালানির উচ্চমূল্যের প্রভাব খাদ্যসহ বিভিন্ন পণ্যের বাজারেও পড়ছে বলে জানান অর্থমন্ত্রী। তার মতে, আমদানিনির্ভর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সরকারের জন্য কঠিন হলেও অভ্যন্তরীণ বাজারে মূল্যস্ফীতি কমানোর সুযোগ রয়েছে। কর কমানোসহ বিভিন্ন উদ্যোগের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমেছে। তবে এই হারেও সরকার সন্তুষ্ট নয় বলে জানান তিনি।

সরকারের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে জনগণকে সঠিক তথ্য জানানোর ওপর গুরুত্ব দিয়ে আমির খসরু বলেন, কোনো অর্থনৈতিক সূচকে দুর্বলতা থাকলে তা আড়াল না করে এর কারণ এবং উত্তরণের পরিকল্পনা তুলে ধরতে হবে। ভুল পরিসংখ্যান দিয়ে ভালো পরিস্থিতির চিত্র দেখানোর চেষ্টা সরকারের জন্য ক্ষতিকর হবে। একই সঙ্গে গৃহীত নীতিগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

পাকিস্তানের সঙ্গে সরকারি পর্যায়ে পণ্য কেনাবেচায় ৫ বছরের চুক্তি করল বাংলাদেশ

ব্যাংক খাতের সংকট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ খাতে বড় অঙ্কের দায় তৈরি হয়েছে, যা অল্প সময়ের মধ্যে সমাধান করা সম্ভব নয়। ধাপে ধাপে পরিস্থিতির উন্নতি করতে হবে। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার। ব্যাংকে রাখা আমানত সুদসহ ফেরত দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে এবং জমাকৃত অর্থ থেকে কোনো কর্তন করা হবে না। এ আশ্বাসের পর ব্যাংকগুলোতে নিট আমানত বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

পুঁজিবাজারের অতীত পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একসময় বাজারটি কার্যত ক্যাসিনোর মতো হয়ে উঠেছিল। বাজারে শৃঙ্খলা ফেরাতে স্বাধীন ও অরাজনৈতিক কমিশন গঠন করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে এবং সূচকও ঊর্ধ্বমুখী হচ্ছে। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা প্রয়োজন।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টিও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে জেপি মরগানসহ ১৭টি বড় তহবিল ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেছেন। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত সম্পদের পরিমাণ ৩৬ ট্রিলিয়ন ডলার। বাংলাদেশের সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে বলে জানান তিনি।

সরকারি প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও অর্থের যথাযথ ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি এবং পরিবেশগত প্রভাব মূল্যায়নের নির্দেশনা দেন তিনি। প্রকল্প শেষ হওয়ার পর বাস্তবে কতটুকু সুফল পাওয়া গেছে, তা যাচাইয়ে পৃথক মূল্যায়নব্যবস্থা চালুর কথাও জানান। পাশাপাশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

শাহজালাল ইসলামী ব্যাংকে ৩ হাজার কোটি টাকার বিনিয়োগে অনিয়মের অভিযোগ, উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে

পাঁচ বছর মেয়াদি কৌশলগত উন্নয়ন কাঠামো বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, উন্নয়ন সংস্থা, শিক্ষাবিদ ও পেশাজীবীদের সম্পৃক্ত করার আহ্বান জানান অর্থমন্ত্রী। তার মতে, সরকারের প্রথম বছরটি কঠিন হলেও চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর দৃশ্যমান ফলাফল দেখাতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সভাপতিত্ব করেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ও সচিব ড. মনজুর হোসেন।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৯ নভেম্বর ২০২৬
Trulli

জ্বালানি আমদানির ব্যয় বাড়ায় চাপে অর্থনীতি, প্রবৃদ্ধি কম থাকার আশঙ্কা অর্থমন্ত্রীর