মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র আফ্রিকায় নতুন সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের আক্রমণসীমার বাইরে অবস্থান নিশ্চিত করতে কেনিয়া ও হর্ন অব আফ্রিকা অঞ্চলে নতুন সামরিক ঘাঁটি তৈরির চিন্তাভাবনা করছে ওয়াশিংটন।
পশ্চিম এশিয়া সংবাদ সংস্থাকে (ওয়ানা) দেওয়া বক্তব্যে মোহেব্বি বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ইরানের হামলায় ধ্বংস হয়েছে। অন্য স্থাপনাগুলোরও অনেকগুলো বর্তমানে ব্যবহারের উপযোগী নেই। এ পরিস্থিতিতে নিজেদের সামরিক অবস্থান নিরাপদ রাখতে পেন্টাগন আফ্রিকার দিকে মনোযোগ দিচ্ছে বলে দাবি করেন তিনি।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
তবে আইআরজিসির এসব দাবির সঙ্গে একমত নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অধিকাংশ হামলা প্রতিহত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা এখনো অক্ষুণ্ন রয়েছে।














