১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়ন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকালসোমবার (৩০ নভেম্বর) দেশের সব উপজেলা ও থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পূর্বঘোষিত এ কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট উপজেলা ও থানা শাখার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি জানান, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের পাশাপাশি আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।














