সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বলিভদ্র মধুপুর উত্তর পাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং কিছু খুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এক রাতের মধ্যে এসব প্রচারসামগ্রী নষ্ট করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ইসরাফিল হোসেনের অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা তাঁর নির্বাচনী প্রচারের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং কিছু খুলে নিয়ে যায়। এ ঘটনায় কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি এমন কর্মকাণ্ডের নিন্দা জানান।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচনী প্রচারসামগ্রীতে হাত না দেওয়ার বিষয়ে নানা কথা বলা হলেও বাস্তবে রাতের আঁধারে সেগুলো নষ্ট করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই প্রত্যাশিত নয়।
তিনি আরও বলেন, “আমরা ধৈর্য ধারণ করছি। আমাদের ধৈর্যকে দুর্বলতা মনে করে কেউ যেন এর সুযোগ না নেয়। আমাদের উসকানি দেওয়া থেকে বিরত থাকুন। এমন পরিস্থিতি তৈরি করা কারও জন্যই ভালো ফল বয়ে আনবে না।”
এ সময় তিনি নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রতিহিংসার রাজনীতি পরিহার এবং পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
তবে ব্যানার-ফেস্টুন ছেঁড়া ও খুলে নিয়ে যাওয়ার ঘটনায় কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।














