সর্বশেষ

আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন;আধুনিকায়ন ও বিশেষায়িত চিকিৎসা বৃদ্ধির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে সুশৃঙ্খল অবস্থায় ফিরে এসেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পুলিশসহ সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সম্পূর্ণ বদ্ধপরিকর।

আশুলিয়ার জামগড়ায় বছরজুড়ে জলাবদ্ধতায়,চরম দুর্ভোগে হাজারো মানুষ

শনিবার ২৮ নভেম্বর সকালে রাজধানীর রাজারবাগস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী সাম্প্রতিক বিভিন্ন নাশকতা ও সহিংসতায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শয্যাপাশে যান এবং তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
​
স্বরাষ্ট্রমন্ত্রী আহত সদস্যদের সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। দায়িত্ব পালনে তাদের সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে মন্ত্রী ঘোষণা দেন যে,বীরত্বপূর্ণ ভূমিকার জন্য আহত সদস্যদের ‘পুলিশ পদক’সহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
​
সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি জানান, সাম্প্রতিক নাশকতায় পুলিশ,র‍্যাব, এপিবিএন,বিজিবি এবং আনসার ব্যাটালিয়নের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। কারো মাথায় গুরুতর আঘাত রয়েছে, আবার কারো হাড় ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই সুস্থ হয়ে উঠলেও বেশ কয়েকজনকে দীর্ঘমেয়াদী ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে।
​শ্রমিক অসন্তোষ ও সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধৈর্যের প্রশংসা করে মন্ত্রী বলেন, “সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সময় আমাদের সদস্যরা নিজেরা গুরুতর আহত হয়েও চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। ফলে কোনো প্রাণহানি বা বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, যা দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে।”
​তিনি উল্লেখ করেন, সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এবং তারা সুশৃঙ্খল রয়েছেন। তবে কিছু শ্রমিক নামধারী ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে উসকানিদাতারা দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশাল মিছিল বা নাশকতার অপচেষ্টা চালাচ্ছে, যা কখনোই সফল হবে না।
​
সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশের কতিপয় ব্যক্তির মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তের ওপারে কে কী করছে তা দেখার বিষয় নয়, তবে দেশের অভ্যন্তরে বা সীমান্তের এপারে কাউকে কোনো অপতৎপরতা চালাতে দেওয়া হবে না।” এছাড়া ভিনদেশি কারো অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
​
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আধুনিকায়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন এবং পুলিশ কর্মকর্তাদের যথাযথ ক্যারিয়ার প্ল্যানিংয়ের নির্দেশনা দেন। পুলিশ সদস্যদের চিকিৎসার বড় অংশ আঘাতজনিত হওয়ায় হাসপাতালে অর্থোপেডিক্স বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক বৃদ্ধির ওপর তিনি জোর দেন। পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের দাবির প্রেক্ষিতে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ নিয়োগ এবং হাসপাতালে একটি ‘ক্যান্সার ইউনিট’ খোলার বিষয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।
​এ সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মোহাম্মদ মুসলিম হাসপাতালের সার্বিক চিকিৎসা কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো.আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
​
চিকিৎসাধীন আহত পুলিশ সদস্যবৃন্দ:
সাম্প্রতিক সহিংসতায় আহত যে ৮ জন পুলিশ সদস্য বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (যাদের মধ্যে ৬ জন গোপালগঞ্জ, ১ জন গাজীপুর সদর এবং ১ জন শিল্পাঞ্চল পুলিশে কর্মরত), তারা হলেন— ইন্সপেক্টর মো. আবু আলম, দেবব্রত কুমার বিশ্বাস, মো. রুহুল্লাহ, মো. হাসিব, ফরিদ আহমেদ, মঞ্জুরুল ইসলাম, হযরত বেলাল ও মো.রাকিবুল ইসলাম।

গার্মেন্টস খাতে উৎপাদন ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আশুলিয়া,সাভার,কালিয়াকৈর, গাজীপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
২৮ নভেম্বর ২০২৬
Trulli

আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন;আধুনিকায়ন ও বিশেষায়িত চিকিৎসা বৃদ্ধির নির্দেশ