সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও গতিশীল করতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দেশের বিভিন্ন খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছে ঢাকা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রতিমন্ত্রীর কাছে নিজের পরিচয়পত্র পেশ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
নতুন দায়িত্ব গ্রহণের জন্য ফিলিপ ওংকে অভিনন্দন জানিয়ে হুমায়ুন কবির বলেন, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও শ্রম খাতে সহযোগিতা আরও বাড়াতে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি জলবায়ু সহযোগিতার বিষয়ে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।
জবাবে ফিলিপ ওং বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে সুবিধাজনক সময়ে সিঙ্গাপুর সফরের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
বৈঠকে আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। আসিয়ানের খাতভিত্তিক সংলাপ সহযোগী হওয়ার পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) কাঠামোয় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচেষ্টায় সিঙ্গাপুরের অব্যাহত সহযোগিতা কামনা করেন হুমায়ুন কবির।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের বিষয়েও সিঙ্গাপুরের সমর্থন চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। গত ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রসঙ্গ তুলে তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার প্রচেষ্টায় সিঙ্গাপুরের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
কূটনৈতিক এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।















