আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপের কথা বিবেচনায় নিয়ে দেশে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন নির্ধারিত দরে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৮ টাকায় বিক্রি হবে। তবে খোলা পাম তেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১৬৬ টাকা রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। অর্থাৎ, বোতলপ্রতি দাম বেড়েছে ১৫ টাকা।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারের মূল্য পরিস্থিতি, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করে। ওই প্রতিবেদন পর্যালোচনা এবং বাজারের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেন।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা জানান, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের মূল্য বাড়লেও দেশের বাজারে নতুন করে দাম নির্ধারণ করা হয়নি। ফলে আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে উঠছে বলে দাবি করেন তাঁরা।
আসন্ন পবিত্র রমজানে বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারদর এবং বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনর্নির্ধারণের প্রস্তাবও দেন ব্যবসায়ী প্রতিনিধিরা।
এদিকে, নতুন দাম নির্ধারণের পাশাপাশি বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরি, অবৈধভাবে তেল মজুত এবং সরকার নির্ধারিত দরের বেশি দামে বিক্রি বন্ধে কঠোর নজরদারির নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সচিবের রুটিন দায়িত্বে থাকা খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থা এবং ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।















