সাভারের ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ধামসোনা ইউনিয়নের হাজী হামিদ ভূঁইয়া স্কুল মাঠে এ বৈঠকের আয়োজন করা হয়।
ঢাকায় বসবাসরত বগুড়া জেলার সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন। তাঁর প্রতি সমর্থন জানানো, নির্বাচনী ভাবনা এবং এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময়ের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।
বক্তব্যে ইসরাফিল হোসেন প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, সবাইকে প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সুস্থ ধারার রাজনীতি করতে হবে। কাউকে মামলা-হামলার ভয় দেখানো যাবে না। ভয়ভীতি প্রদর্শন করে রাজনীতি নয়, বরং পারস্পরিক সম্মান ও সহনশীলতার মধ্য দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে তাদের প্রত্যাশা পূরণ করাই হওয়া উচিত রাজনীতির মূল লক্ষ্য।
‘স্মার্ট সমাজ গড়ার লক্ষ্যে একসাথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন হোসেন। এতে সভাপতিত্ব করেন হাজী হামিদ ভূঁইয়া স্কুলের পরিচালক ও সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ভূঁইয়া (মতিন)।
আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন একজন সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী। তিনি জামিয়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি।
আয়োজকরা জানান, এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং ধামসোনা ইউনিয়নের উন্নয়ন নিয়ে মতবিনিময়ের লক্ষ্যেই এ উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

















