ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডিসেম্বর মাসকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্ত এলাকায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান বাড়িয়েছে। একই সঙ্গে সীমান্তের কয়েকটি এলাকায় স্থানীয় বাসিন্দারাও রাত জেগে পাহারা দিচ্ছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামান।
তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর সীমান্তে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে দিন-রাত বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
রাতের বেলায় সীমান্তে নজরদারি বাড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে দিন ও রাতে সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো বিতর্কিত ব্যক্তি, পলাতক বা ফেরারি আসামি সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে শনাক্ত করে গ্রেপ্তারের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রবেশ ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় পর্যায়েও সতর্কতা বাড়ানো হয়েছে। সাহাপাড়া ও কামাড়পাড়া এলাকার বাসিন্দারা রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন। সীমান্তের নিরাপত্তা রক্ষায় বাহিনীর তৎপরতার পাশাপাশি স্থানীয় জনগণের এ উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

















