পাবনা জেলার বিভিন্ন মন্দিরের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরেজমিনে মন্দিরগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি পাবনার বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয় ও মন্দির ঘুরে দেখেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মন্দিরগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় প্রতিনিধি ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পূজা ও ধর্মীয় আয়োজনসমূহ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জনাব মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, জেলায় চমৎকার ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পাবনা জেলা পুলিশ সর্বদা সতর্ক ও সচেষ্ট রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তায় পুলিশের পর্যাপ্ত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করা হয় যে, সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

















