সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনের গেটের প্রবেশপথে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি ও গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, দুর্বৃত্তরা কেরোসিনে ভেজানো একটি কাপড়ে আগুন ধরিয়ে গেটের সঙ্গে ঝুলিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দাড়িয়াপাড়া এলাকার ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন স্থানে স্থাপিত ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
এদিকে, ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করেছে পুলিশ। আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কুতুব উদ্দিন জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর তাঁদের কাছে আসেনি।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।













