পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু আইন প্রণয়ন করে সমাজের সব সমস্যার সমাধান সম্ভব নয়। এসব ক্ষেত্রে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আজ বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩টি জেলায় গড়ে তোলা প্রয়োজন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনা এবং স্থানীয় নানা সমস্যা সমাধানে মানুষকে একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়।

দেশের অতীত রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ধরে মানুষ ভীতি ও অধিকারহীনতার পরিবেশের মধ্যে ছিল। এ সময়ে সমাজের সম্মানিত ব্যক্তিরাও নানা ধরনের অপমান ও হয়রানির শিকার হয়েছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে সামাজিক সংগঠনগুলো সক্রিয় হলে হারিয়ে যাওয়া মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হবে।
সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের সংগঠনে বিভিন্ন ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শের মানুষ একসঙ্গে কাজ করতে পারেন। পারস্পরিক মতপার্থক্য পাশে রেখে সম্মিলিতভাবে উদ্যোগ নিলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন জেলা গড়ার পরিকল্পনা
পরিবেশ দূষণের অন্যতম কারণ হিসেবে যত্রতত্র বর্জ্য ফেলার বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের ব্যবহার্য পণ্য ও ভোগের পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, মাঠ, বাজারসহ বিভিন্ন স্থানে আবর্জনা জমছে। এতে পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশ মানুষের মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
‘আলোকিত লালমনিরহাট’-এর সদস্যদের উদ্দেশে তিনি পুরো জেলাকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তাঁর পরামর্শ, পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে নির্দিষ্ট স্থানে বর্জ্য সংগ্রহ করতে হবে এবং অন্যান্য এলাকা পরিষ্কার রাখতে হবে। এভাবে কার্যক্রম পরিচালনা করা গেলে লালমনিরহাটকে দেশের অন্যতম পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা তৈরির বিষয়ে তিনি বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের কাউন্সেলিং করা কিংবা পারিবারিক বিরোধ মেটানোর মতো সামাজিক উদ্যোগের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বর্জ্য সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়ে সচেতন করতে হবে।
পরিবারের জন্মদিনে গাছ লাগানোর পরামর্শ
বৃক্ষরোপণকে সামাজিক অভ্যাসে পরিণত করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিটি পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। এতে প্রতিবছর নতুন গাছের সংখ্যা বাড়বে এবং দীর্ঘমেয়াদে পরিবেশের উন্নতি ঘটবে।
তিনি বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, ভবিষ্যতে তা পরিবারের সম্পদ হিসেবেও কাজে আসতে পারে। উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছোট শিশুদের ভবিষ্যতের কথা বিবেচনা করে তাদের নামে গাছ লাগানো যেতে পারে। সঠিকভাবে পরিচর্যা করা হলে গাছগুলো বড় হয়ে একসময় পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতেও সহায়তা করতে পারে।
বাড়ির আশপাশে বড় গাছ থাকার উপকারিতা তুলে ধরে তিনি বলেন, গাছপালা ঘরবাড়ির তাপমাত্রা কম রাখতে সহায়তা করে এবং প্রাকৃতিক পরিবেশকে আরামদায়ক করে তোলে। পাশাপাশি ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায়ও গাছ ভূমিকা রাখতে পারে।
পাখি ও প্রজাপতি রক্ষায় গুরুত্বারোপ
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, প্রকৃতির প্রতিটি প্রাণীর নিজস্ব ভূমিকা রয়েছে। গাছপালা ধ্বংস, পাখি শিকার এবং ফুল-গাছ কমে যাওয়ার কারণে জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আগের সময়ের তুলনায় গ্রামাঞ্চলে পাখি ও প্রজাপতির উপস্থিতি কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, নির্বিচারে গাছ কাটা এবং প্রাণীদের প্রতি নিষ্ঠুর আচরণ বন্ধ করতে হবে। পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে শেষ পর্যন্ত মানুষের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।
তারেক রহমান বলেন, নিজ নিজ এলাকার পরিবেশ রক্ষার মধ্য দিয়ে দেশের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে পৃথিবীকে বাসযোগ্য রাখতে প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ জরুরি। সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের অন্য সব সৃষ্টির প্রতি যত্নশীল হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান এবং লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল।
এ ছাড়া প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সুজন মাহমুদসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

















