সাভারে ফুটওভার ব্রিজ থেকে ককটেল নিক্ষেপের পর পালানোর সময় শাহিন (৪০) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় লোকজন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রাজ্জাক প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ফুটওভার ব্রিজের ওপর থেকে নিচে একটি ককটেল নিক্ষেপ করা হয়। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই সেখান থেকে পালানোর চেষ্টা করেন শাহিন।
এ সময় স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে পাশের ছায়াবীথি আমতলা এলাকায় আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে নিজেদের হেফাজতে নেয়।
আটক শাহিন হকার্স লীগের কর্মী বলে জানা গেছে। তবে এ ঘটনায় তার সংশ্লিষ্টতার বিষয়ে পুলিশের তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিস কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল নিক্ষেপের পর পালানোর সময় স্থানীয় লোকজন শাহিনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।














