গণভোটের রায় মেনে নিয়ে তা বাস্তবায়নে সরকার উদ্যোগী হলে সংসদের বিরোধী দল হিসেবে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের রায়কে সম্মান জানানো হলে চলমান রাজনৈতিক সংকট নিরসনের পথ তৈরি হবে এবং সরকারের প্রতি মানুষের আস্থা ফিরতে পারে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১১টায় দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, নাগরিকদের জানমালের নিরাপত্তা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করে সংসদের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের অবস্থান ও করণীয় নির্ধারণ করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সরকার দেশ পরিচালনা করছে। তার দাবি, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল এবং দলগুলো এতে স্বাক্ষর করেছিল। পরবর্তী সময়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সনদের পক্ষে মত দিলেও ক্ষমতাসীন দল সেই সিদ্ধান্তকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না।
জামায়াতের এই নেতা বলেন, বিপুলসংখ্যক মানুষের মতামত উপেক্ষা করায় সরকারের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর ক্ষমতায় গিয়ে তা অস্বীকার করা রাজনৈতিক দ্বিচারিতার শামিল। সরকার গণভোটের রায় মেনে নিলে রাজনৈতিক অস্থিরতা অনেকটাই কমে আসবে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ তুলে গোলাম পরওয়ার অভিযোগ করেন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসার পর গোপালগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরসহ কয়েকটি এলাকায় অস্থিরতা বেড়েছে। বিভিন্ন স্থানে গাছ কেটে মহাসড়ক অবরোধ, যানবাহনে তল্লাশি, মানুষের ওপর হামলা, অগ্নিসংযোগ এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের সংসদ সদস্যদের বাড়িতেও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও কোথাও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর আক্রমণ ও যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি।
গোলাম পরওয়ারের ভাষ্য, এমন পরিস্থিতির বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে বলে বক্তব্য দিচ্ছেন। সরকারের বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির অসংগতি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির ভূমিকা রাখার আহ্বান
জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি স্থাপনা সুরক্ষার দায়িত্ব সরকারের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপরও রয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারছে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতির প্রয়োজনীয় ভূমিকা রাখা উচিত বলেও তিনি মনে করেন।
এ সময় প্রশাসনের একটি অংশের দুর্বলতা ও পরিকল্পিত ভূমিকার সুযোগ নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি। প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও সাংবিধানিক বিভিন্ন পদে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো রয়েছেন বলেও দাবি করেন গোলাম পরওয়ার। পাশাপাশি সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দেশে প্রবেশের খবর পাওয়ার কথা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
ডিসেম্বরজুড়ে কর্মসূচির ঘোষণা
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং ফ্যাসিবাদবিরোধী অবস্থান বজায় রাখতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান গোলাম পরওয়ার। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের আর কোনো জায়গা হবে না। এ লক্ষ্য সামনে রেখে ডিসেম্বরজুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামী।
তিনি জানান, আগামী ২১ তারিখ রাজধানীতে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। ডিসেম্বর মাসের অন্যান্য কর্মসূচির বিস্তারিত পরবর্তী সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
একই সঙ্গে দেশের রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোকে নিজ নিজ অবস্থান থেকে কর্মসূচি নিয়ে মাঠে থাকার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষকে শান্ত থাকার পাশাপাশি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানানোরও অনুরোধ করেন জামায়াতের এই নেতা।
















