মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বিদেশগামী কর্মীদের খরচ সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে আলোচনা ও কার্যক্রম চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে দেশটির সঙ্গে আলোচনা করেছে সরকার। এর মাধ্যমে দীর্ঘদিন বন্ধ থাকা কর্মী পাঠানোর কার্যক্রম আবার শুরু করা সম্ভব হয়েছে। কর্মীদের বিদেশযাত্রার খরচ কমিয়ে আনার বিষয়টিকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান বলেন, মালয়েশিয়ায় যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়টি মোটামুটিভাবে নিশ্চিত করা সম্ভব হয়েছে। বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে গিয়ে যেন বাংলাদেশি শ্রমিকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হয়, সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, শুধু মালয়েশিয়া নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি কর্মীদের অভিবাসন ব্যয় কমানোর পরিকল্পনা রয়েছে। এসব দেশে কর্মী পাঠানোর খরচ দুই লাখ টাকার মধ্যে অথবা শ্রমিকদের সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যায়ে রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য যাতায়াতসহ অভিবাসনের সামগ্রিক ব্যয় কমানো গেলে কর্মীরা আর্থিকভাবে উপকৃত হবেন। এ কারণে বিদেশগামী শ্রমিকদের খরচ নিয়ন্ত্রণে রাখতে সরকার কাজ করছে।
এদিকে, বুধবার বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ ছিল।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছিল। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।















