কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর শহরের জোর পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগানো বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেডের বাড়ি। বাড়িটি ভাড়া দেওয়া ছিল। ঘটনার সময় একদল লোক সেখানে গিয়ে ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দেন। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অগ্নিকাণ্ডের শিকার টিনশেড বাড়িটির পাশেই আ ক ম মোজাম্মেল হকের আটতলা একটি ভবন রয়েছে। তবে ওই ভবনটি অক্ষত রয়েছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, কারা বাড়িটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আ ক ম মোজাম্মেল হকের ধীরাশ্রম এলাকার গ্রামের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল বলে জানা গেছে।

















