ঢাকার আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে ১৭ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থল থেকে একটি ব্যানার ও লাঠিসোঁটা উদ্ধারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার বড় রাঙ্গামাটিতে শেলটেক হাউজিং মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী, সকালে ওই মাঠে ২০ থেকে ২৫ জনের একটি দল জড়ো হয়েছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা কয়েকজনকে আটক করেন। এ সময় দলের কিছু সদস্য সেখান থেকে পালিয়ে যান বলে দাবি করা হয়েছে।
আশুলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, ওই ব্যক্তিরা জোর করে হাউজিং এলাকার ভেতরে গাড়ি প্রবেশ করানোর চেষ্টা করছিলেন। পরে তাদের মোবাইল ফোন পরীক্ষা করে ‘দুর্দিনের সৈনিক লীগ’ নামসহ কয়েকটি হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও মেসেঞ্জার গ্রুপের সন্ধান পাওয়া যায় বলে তিনি দাবি করেন।
মোজাম্মেল হোসেন আরও বলেন, খবর দেওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে আসে। এ সময় একটি ব্যানার ও এক ব্যাগ লাঠি পাওয়া যায়, যার গায়ে ‘জিরাবো’ লেখা ছিল বলে তিনি জানান।
এ ছাড়া শ্রমিক আন্দোলনের সময় পিকআপ ভাঙচুর এবং পাশের টেক্সটাউন কারখানায় ভাঙচুরের ঘটনায় আটক ব্যক্তিদের সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন তিনি। তার অভিযোগ, এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে তাদের সেখানে পাঠানো হয়েছিল। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের তদন্ত ও যাচাই-বাছাইয়ের ফল এখনো জানা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম ১৭ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন কম বয়সী তরুণও রয়েছে।
ওসি আরও বলেন, ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

















