বাংলাদেশের প্রবাসী আয়ের বড় একটি অংশ আসছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা মোট রেমিট্যান্সের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন থেকে। দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ সচল রাখতে এসব দেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদান আবারও উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, অর্থবছরের প্রথম চার মাসে দেশে মোট ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এর মধ্যে উপসাগরীয় ছয়টি দেশ থেকে এসেছে ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার ডলার।
সৌদি আরব শীর্ষে, দ্বিতীয় আমিরাত
দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। চার মাসে দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ।
এ ছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার, ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার, কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার এসেছে। মোট প্রবাসী আয়ে দেশগুলোর অবদান যথাক্রমে ৫ দশমিক ৪, ৪ দশমিক ৮, ৪ দশমিক ৩ ও প্রায় ২ শতাংশ।
প্রতি মাসেই উল্লেখযোগ্য অবদান
মাসভিত্তিক তথ্যেও উপসাগরীয় দেশগুলোর ধারাবাহিক অবদান দেখা গেছে। জুলাইয়ে এই ছয় দেশ থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট রেমিট্যান্সের ৪৫ দশমিক ৪ শতাংশ।
আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার বা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ।
অক্টোবরে ছয় দেশ থেকে রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে। মাসটিতে দেশের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ এসেছে এ অঞ্চল থেকে।
অর্থাৎ, টানা চার মাস ধরে বাংলাদেশের মোট রেমিট্যান্সের ৪২ শতাংশের বেশি জোগান দিয়েছেন উপসাগরীয় দেশগুলোতে কর্মরত প্রবাসীরা।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়াও বড় উৎস
উপসাগরীয় দেশগুলোর বাইরে বাংলাদেশের প্রবাসী আয়ের উল্লেখযোগ্য উৎস যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। প্রথম চার মাসে যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ।
এ ছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার এসেছে। মোট আয়ে দেশ দুটির অবদান যথাক্রমে ৭ দশমিক ৯ ও ৬ দশমিক ৭ শতাংশ।
বৈধ পথে অর্থ পাঠাতে বাড়ছে গুরুত্ব
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, উপসাগরীয় দেশগুলো থেকে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স আসা প্রবাসী বাংলাদেশি কর্মীদের অবদানের প্রমাণ। প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক।
তিনি জানান, প্রবাসীদের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ছে। রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। পাশাপাশি অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করে বৈধ পথে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
আরিফ হোসেন খানের মতে, প্রবাসী আয় বৃদ্ধি পাওয়া প্রবাসী কর্মী ও তাঁদের পরিবারের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার প্রতি আস্থার ইতিবাচক ইঙ্গিত। ব্যাংকিং সেবার মান উন্নয়ন এবং বৈধ বৈদেশিক মুদ্রাবাজার শক্তিশালী করার উদ্যোগও এ ক্ষেত্রে ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করছে। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে লেনদেনের ভারসাম্য ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
শ্রমবাজার সম্প্রসারণের তাগিদ বিশেষজ্ঞদের
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কর্মরত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের প্রবাসী নিজাম উদ্দিন ভূঁইয়া দেশে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সরকারের নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁর মতে, এসব পদক্ষেপ প্রবাসীদের জন্য অর্থ পাঠানো আরও সুবিধাজনক করতে সহায়তা করছে।
তবে প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর পরিমাণ নির্ভর করে সংশ্লিষ্ট দেশে কর্মসংস্থানের সুযোগ, বেতন এবং জীবনযাত্রার ব্যয়ের ওপরও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান বলেন, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজারে বৈচিত্র্য আনা প্রয়োজন। পাশাপাশি কর্মীদের দক্ষতা বাড়ানো এবং নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার ওপর গুরুত্ব দিতে হবে। এতে অল্প কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতাও কমবে।
তিনি বলেন, প্রবাসী আয় বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। এই অর্থ দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রার ব্যয় মেটাতে, অভ্যন্তরীণ ভোগ বাড়াতে এবং সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অর্থনীতিসংশ্লিষ্টদের মতে, প্রবাসী আয়ের বর্তমান প্রবাহ ধরে রাখার পাশাপাশি নতুন শ্রমবাজার তৈরি, দক্ষ কর্মী পাঠানো এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে দেশের বৈদেশিক মুদ্রার জোগান দীর্ঘমেয়াদে শক্তিশালী করা সম্ভব হবে।
















