পাবনা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক—পাওয়ার হাউস মোড় থেকে জেলা কৃষি অফিস পর্যন্ত অংশটি নিজস্ব অর্থায়নে সংস্কার করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনের মেয়র পদপ্রার্থী ডা.নোমান। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, শহরের পাওয়ার হাউস থেকে কৃষি অফিস অভিমুখী এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দ ও জলাবদ্ধতার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। প্রতিদিন এই পথ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী,অফিসগামী মানুষ, রোগী ও সাধারণ পথচারীরা যাতায়াত করেন। সড়কটির দুরবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছিল এবং যানজটের সৃষ্টি হতো।
জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে মেয়র পদপ্রার্থী ডা. নোমান ব্যক্তিগত উদ্যোগ ও নিজস্ব তহবিল থেকে সড়কটির সংস্কার কাজ শুরু করেন। ইট, বালু ও প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করে সড়কের বড় গর্তগুলো ভরাট এবং চলাচলের উপযোগী করার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে মেয়র পদপ্রার্থী ডা.নোমান জানান, “এই সড়কটি শহরের একটি অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পথ। সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা চিন্তা করে আমি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজটি করেছি। জনপ্রতিনিধি হই বা না হই,এলাকার মানুষের কল্যাণে এবং শহরের উন্নয়নে সাধ্যমতো কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে নাগরিকদের একটি অংশ মনে করছেন, ব্যক্তি উদ্যোগে সাময়িক সংস্কারের পাশাপাশি সড়কটির স্থায়ী সমাধান এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

















