কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের বিশেষ রাত্রীকালীন অভিযানে ফকির আলী ওরফে ফকির চাঁনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রাম, জামালপুর ও শেরপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ফকির আলী ওরফে ফকির চাঁন রৌমারী উপজেলার খাটিয়ামারী এলাকার বাসিন্দা। তিনি মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও তিনি পুলিশের নাগালের বাইরে ছিলেন। অবশেষে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবিরের নেতৃত্বে থানা পুলিশের একাধিক অভিযানিক দল ও রাত্রীকালীন জরুরি পার্টির সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, ফকির চাঁন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে তার বাড়িতে ১৫টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। এর আগে পুলিশের অভিযানে বাড়িটি থেকে ক্যামেরাগুলো জব্দ করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, গ্রেপ্তার ফকির চাঁনের বিরুদ্ধে তিন জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে সাজা ওয়ারেন্টসহ একাধিক ওয়ারেন্ট কার্যকর করার বিষয়ও রয়েছে।
তিনি আরও জানান, রৌমারী এলাকায় মাদক ব্যবসা, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

















