সর্বশেষ

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের আওতায় আসছে পাবনা। বহুল প্রত্যাশিত ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। এ উপলক্ষে পাবনা রেলওয়ে স্টেশনে বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নতুন এই রেল যোগাযোগ চালুর খবরে জেলাজুড়ে আনন্দ ও উৎসাহের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সরাসরি ট্রেন চলাচল শুরু হলে রাজধানীতে যাতায়াতের সময় ও ভোগান্তি কমবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসাসেবায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্বোধনের পর আগামী ২০ নভেম্বর থেকে নিয়মিত বাণিজ্যিকভাবে চলাচল করবে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে এক জোড়া আন্তঃনগর ট্রেন।

কলেজশিক্ষার্থী হাসিব রানা বাসসকে বলেন, ছোটবেলা থেকেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালুর কথা শুনে আসছেন তিনি। এখন হাতে টিকিট পেয়ে তাঁর কাছে মনে হচ্ছে, দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

পাবনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহাবুল ইসলাম জানান, উদ্বোধনী দিনের জন্য এসি ও কেবিনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তবে স্টেশনের বরাদ্দ পাওয়া নন-এসি টিকিটের প্রায় সবই বিক্রি হয়ে গেছে। যাত্রীদের মধ্যে নতুন ট্রেন নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

যেভাবে পূরণ হলো দীর্ঘদিনের প্রত্যাশা

স্বাধীনতার পর ১৯৭৪ সালে ঈশ্বরদী-ঢালারচর রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও ঢাকার সঙ্গে পাবনার সরাসরি রেল যোগাযোগ দীর্ঘদিন অধরাই ছিল। পরবর্তী সময়ে মাঝগ্রাম থেকে পাবনা হয়ে ঢালারচর পর্যন্ত রেলপথ নির্মিত হলেও রাজধানীতে যাতায়াতের ক্ষেত্রে জেলার মানুষের ভোগান্তি পুরোপুরি দূর হয়নি।

গোপালগঞ্জে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

সড়কপথের যানজট, দীর্ঘ ভ্রমণসময় ও যাত্রার ক্লান্তি এড়াতে ঢাকার সঙ্গে সরাসরি ট্রেন চালুর দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দা, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী। নতুন এই সেবা চালুর মধ্য দিয়ে তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে।

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ভারত থেকে আমদানি করা নতুন ১২টি কোচ দিয়ে ট্রেন দুটি সাজানো হয়েছে।

কখন ছাড়বে দুই ট্রেন

নির্ধারিত সূচি অনুযায়ী, ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ট্রেনটি দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ প্রতিদিন বিকেল ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে রাত ৯টা ২০ মিনিটে পাবনায় পৌঁছাবে।

যাত্রাপথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।

অর্থনীতি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকদের মতে, সরাসরি রেল যোগাযোগ চালু হলে পাবনার সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ হবে। এতে ব্যবসা-বাণিজ্যের প্রসার, শিক্ষার্থীদের যাতায়াত এবং উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ বাড়বে। বিশেষ করে স্বল্প আয়ের মানুষ ও রোগীদের জন্য ট্রেনযাত্রা সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে পারে।

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অভিবাসন ব্যয় ২ লাখ টাকায় সীমিত রাখার উদ্যোগ: প্রধানমন্ত্রী

কলেজশিক্ষক রয়েল বিশ্বাস বলেন, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এর ফলে মানুষ তুলনামূলক কম খরচে ও নিরাপদে রাজধানীতে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, পুরোনো কোচ দিয়ে আগেই এই ট্রেন চালু করা সম্ভব ছিল। তবে তিনি চেয়েছিলেন নতুন কোচ দিয়ে সেবাটি চালু করতে, যাতে যাত্রীরা উন্নত সুবিধা পান।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনার মানুষ সম্মিলিতভাবে সরাসরি রেল যোগাযোগ চালুর দাবি জানিয়ে আসছিলেন। নতুন এই সেবাকে তিনি দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেন সার্ভিসটির উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হওয়াকে জেলার যোগাযোগব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, নতুন এই সেবা শুধু যাতায়াত সহজ করবে না, পাবনার সামগ্রিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

ADVERTISEMENT
ADVERTISEMENT

দৈনিক আমাদের খবর একটি বাংলা ভাষার অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ ও জনজীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠকের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৮ নভেম্বর ২০২৬
Trulli

দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু বৃহস্পতিবার