রাজধানীর ভাটারা এলাকা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারিধারার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বর্তমানে তিনি ভাটারা থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাননি ওসি।
মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়াকে কেন্দ্র করে আলোচনায় আসেন মুফতি রুহুল আমিন। এ ঘটনায় সে সময় তাঁকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
২০২৪ সালের ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ পড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলার পর থেকে তিনি অনেকটা আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয় তাঁকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব থেকে অপসারণ করে।
তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বর্তমান অবস্থা এবং আটকের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।













