গণপরিবহণে শিক্ষার্থীদের হাফ ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহণের এক কর্মীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শনিবার (২১ নভেম্বর) সকালে কলেজের সামনের সড়কে পরিবহণটির ৭ থেকে ৮টি বাস আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা কলেজের একদল শিক্ষার্থীও আন্দোলনে যোগ দেন। ভুক্তভোগী ফাল্গুনী জাহান বৃষ্টি ইডেন মহিলা কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তিনি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ওই কলেজের নিয়মিত ছাত্রী। ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, শুক্রবার (২০ নভেম্বর) সাভার যাওয়ার উদ্দেশ্যে তিনি নীলাচল পরিবহণের একটি বাসে ওঠেন। বাসে ওঠার আগেই দায়িত্বরত কর্মী তার গন্তব্য জানতে চান এবং সাভার যাওয়ার কথা শুনেই তাকে বাসে উঠতে বলেন। পরবর্তীতে ভাড়া আদায়ের সময় শিক্ষার্থীদের পরিচয় জানতে চাইলে বৃষ্টি হাত তুলে নিজের পরিচয় দেন ও বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করেন।
এরপর নিয়মিত যাতায়াতের মতো ৩০ টাকা হাফ ভাড়া পরিশোধ করেন তিনি। অভিযোগ রয়েছে, নির্ধারিত ৩০ টাকার পরিবর্তে ওই বাসকর্মী ৪৫ টাকা দাবি করেন। বৃষ্টি নিয়মিত ৩০ টাকা ভাড়া দেওয়ার কথা জানালে ওই কর্মী ক্ষিপ্ত হয়ে ১০ টাকা ফেরত ছুড়ে দেন এবং তাকে গাবতলীতে নেমে যেতে বলেন। সাভার যাওয়ার কথা জেনেও বাসে তুলে মাঝপথে নামিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে ওই কর্মী অশালীন ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন বলে জানান বৃষ্টি।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, একই বাসে থাকা অন্য এক শিক্ষার্থীর সঙ্গেও ওই কর্মী অসদাচরণ করেন। এ সময় বাসের সাধারণ যাত্রীরাও এ ঘটনার প্রতিবাদ জানান। তবে ওই বাসকর্মী দম্ভোক্তি করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই রুটে যাতায়াত করলেও তার কিছু করতে পারেননি। এ বিষয়ে ফাল্গুনী জাহান বৃষ্টি বলেন, ‘আমি নিজ থেকে বাসে উঠিনি। গন্তব্য জেনে বাসকর্মীই আমাকে তুলেছেন। অথচ ন্যায্য হাফ ভাড়া দেওয়ায় আমার সঙ্গে চরম দুর্ব্যবহার ও হেনস্তা করা হয়েছে।’ এদিকে, সহপাঠীকে হেনস্তার খবর ছড়িয়ে পড়লে শনিবার সকালে ইডেন কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে নীলাচল পরিবহণের ৭-৮টি বাস আটক করেন। শিক্ষার্থীরা অভিযুক্ত বাসকর্মীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হাফ ভাড়া কার্যকর ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন।














