আশুলিয়া প্রতিনিধি :
বকেয়া বেতন ও বন্ধ পোশাক কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ায় ডিইপিজেডে অবস্থিত এ ওয়ান বিডি লিমিটেড নামে একটি পোশাক কারখানার সহ¯্রাধিক শ্রমিক অবস্থান কর্মসূচী পালন ও বিক্ষোভ করেছে। এসময় তারা অবলিম্বে পোশাক কারখানাটি খুলে দিয়ে শ্রমিকদের যাবতীয় পাওনাদি পরিশোধের দাবি জানান।সোমবার সকাল ১০টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে কারখানাটির শ্রমিকদের এ অবস্থান কর্মসূচীতে সংহতি জানান গার্মেন্টস শ্রমিক সংহতি, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।অবস্থান কর্মসূচীতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক সংহতির সভা প্রধান তাসলিমা আক্তার লিমা, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রিয় সহ সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আঞ্চলিক নেতা মঞ্জুরুল আলম মঞ্জু।
এ ব্যাপারে শ্রমিকরা জানান, দীর্ঘ ৮ মাস যাবৎ কারখানাটি তাদের বেতন ভাতা পরিশোধ না করে বন্ধ রেখেছে। বার বার বেতন প্রদানের জন্য তারিখ ঘোষনা করলেও নির্দিষ্ট সময়ে তারা বেতন ভাতা পরিশোধ করেনি। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় এসে বেতন ভাতার জন্য বিক্ষোভ করছে।এছাড়া বন্ধ কারখানাটি অবিলম্ভে খুলে দিয়ে উৎপাদনের পরিবেশ ফিরিয় আনার জোর দাবি জানান হয়। কারখানাটি বন্ধ রাখা এবং টার্মিনেটের কোন নোটিশ তাদেরকে না দিয়ে ৪ মাসের বেতন প্রদানে ঘোষনা অনৈতিক বলেও তারা জানান। অন্যথায় শ্রমিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচী দিতে তারা বাধ্য হবেন বলে বক্তব্যে হুশয়িারী উচ্চারণ করা হয়।

এ বিষয়ে কারখানাটির মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হলে কাউকে পাওয়া যায়নি। তবে বেপজা সূত্র জানায়, এ বছরের এপ্রিল মাসে কারখানাটির শ্রমিকদের টার্মিনেট করা হয়েছে। তবে সে হিসেবে শ্রমিকদের ৪ মাসের পাওনাদি বকেয়া রয়েছে। অথচ শ্রমিকরা ৮ মাসের বেতন ভাতাসহ যাবতীয় সুবিধাদির জন্য আন্দোলন করছে। যা সম্পূর্ণ অনৈতিকভাবে দাবি আদায়ের নামে বিক্ষোভ করছে।
শিল্প পুলিশ সূত্র জানায়, মালিক-শ্রমিকের আলোচনার ভিত্তিতে বকেয়া পরিশোধ ও কারখানাটি সচল করতে উভয় পক্ষকে আন্তরিকভাবে সমাধানের উপায় বের করতে হবে। শ্রমিকদের বকেয়া না দিয়ে তাদেরকে দূরে সরিয়ে রেখে কারখানা সচল করা সম্ভব নয় বলেও তারা মনে করেন। দ্রুত বিষয়টি নিষ্পত্তির জন্য মালিকপক্ষকে আহবান জানান। কারখানা এলাকায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে বলেও জানান হয়।













