সর্বশেষ

কুমিল্লার দেবীদ্বারে কলেজের জমিতে প্রাচীর, গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক

কুমিল্লার দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের ছাত্রীনিবাসের জমি দখল করে সড়ক, সীমানা প্রাচীর ও গেট নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কলেজ কর্তৃপক্ষের আপত্তি এবং প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নির্মাণাধীন সড়ক ও প্রাচীর ভেঙে দিয়েছেন।

জানা গেছে, কলেজ হোস্টেল এলাকার জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণের জন্য স্থানীয় কয়েকজন বাসিন্দাকে সীমিত অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেই অনুমতির সুযোগ নিয়ে কলেজের জায়গা দখল করে প্রায় সাত ফুট প্রশস্ত সড়ক, সীমানা প্রাচীর ও গেট নির্মাণ করা হয় বলে অভিযোগ করেছে কলেজ প্রশাসন।

কলেজ সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলোচনার জন্য ডাকা হলেও তারা উপস্থিত হননি। পরে কলেজ কর্তৃপক্ষ দেবীদ্বার থানা ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হলেও রাতের আঁধারে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়।

পরিস্থিতির একপর্যায়ে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে কলেজ শিক্ষার্থীরা বিএনসিসি সদস্যদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলেন এবং সড়কে বসানো ইট সরিয়ে দেন। শিক্ষার্থীদের দাবি, কলেজের কোটি টাকার সম্পত্তি দখল হতে দেখে তারা চুপ থাকতে পারেননি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কলেজটির সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, “জলাবদ্ধতা নিরসনের জন্য ড্রেন নির্মাণে শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জানতে পারি সেখানে সড়ক, গেট ও সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। বিষয়টি জানার পর আমরা প্রশাসনের সহায়তা নিয়েছি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী

কলেজের শিক্ষার্থী সায়মন বলেন, “ড্রেন নির্মাণের কথা বলে কলেজের জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় শিক্ষার্থীরা প্রতিবাদে নেমেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশী বাবুল ভূঁইয়া বলেন, “আমরা দীর্ঘদিন ধরে রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছি। খতিয়ানে তিন ফুট চলাচলের জায়গা রয়েছে। সেই জায়গা ব্যবহার করে ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

স্থানীয় আরেক বাসিন্দা সফিউল্লাহ মানিকও একই অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবার চলাচলের চরম সংকটে রয়েছে এবং এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন।

বন বিভাগের ডেপুটি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল মতিন জানান, কলেজ কর্তৃপক্ষের অনুমতি অনুযায়ী ৯টি নারিকেল গাছ ও কিছু কাঠগাছ কেটে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিক্রির অর্থ সরকারি নিয়মে কলেজ তহবিলে জমা দেওয়া হয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “কলেজ কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহিরুল ইসলাম বলেন, “ড্রেন নির্মাণের অনুমতিকে ব্যবহার করে অবৈধভাবে রাস্তা ও সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কলেজের সম্পত্তি রক্ষায় আমরা আইনগত পদক্ষেপ নিয়েছি।

দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ ফয়সাল উদ্দিন জানান, জমিটি কলেজের নামে খতিয়ানভুক্ত। তবে মন্তব্য কলামে ড্রেনের জন্য তিন ফুট জায়গার উল্লেখ রয়েছে। সীমানা প্রাচীর নির্মাণের কোনো অনুমোদন দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

বালু নদের উপর কায়েতপাড়া-নগরপাড়া সেতু এক বছরের মধ্যে চালু হবে – প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশোক বিক্রম চাকমা বলেন, “উভয় পক্ষকে নিয়ে দ্রুত বৈঠক করা হবে। কলেজের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলের সমস্যা—দুই দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।”

ঘটনাটি নিয়ে দেবীদ্বারজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনের মধ্যস্থতায় দ্রুত সমাধান না হলে কলেজের জমি দখল ও চলাচলের অধিকার নিয়ে বিরোধ আরও জটিল হয়ে উঠতে পারে।

    Opps, No posts were found.

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম

কার্যালয় : ভাদাইল, ডিইপিজেড রোড, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
×

নিউজ কার্ড প্রিভিউ (HTML Version)

News Image
১৯ জুন ২০২৬
Trulli

কুমিল্লার দেবীদ্বারে কলেজের জমিতে প্রাচীর, গুঁড়িয়ে দিলেন শিক্ষার্থীরা