ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছে “বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি”। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে এই শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
একাধিকবার সততা পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা জেলার শ্রেষ্ঠ ভূমি কর্মকর্তা হিসেবে সনদপ্রাপ্ত অফিসার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে অংশ নেন। উল্লেখ্য, মো. মনিরুজ্জামান বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।
শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন খান, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব মোঃ নজরুল ইসলাম,
ঢাকা জেলা কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাতকালে জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত কর্মকর্তাদের কাজের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সাভার, ধামরাই ও আমিনবাজার এলাকায় নানামুখী প্রতিকূলতা এবং ভূমিদস্যুদের রক্তচক্ষু উপেক্ষা করে শতভাগ জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করায় ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানকে তিনি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মাঠ পর্যায়ের কাজের চ্যালেঞ্জ ও সাহসিকতার কথা উল্লেখ করে জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে এক দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন,
ভূমিসেবা দিতে গেলে বিশেষ একটি স্বার্থান্বেষী মহলের আস্ফালন ও স্থানীয় ভূমিদস্যুদের মোকাবেলা করেই কাজ করতে হয়। মাঠ পর্যায়ে যারা সততার সাথে কাজ করছেন, তাদের জন্য এটি প্রতিদিনকার বড় চ্যালেঞ্জ। তবে কোনো অবস্থাতেই এই অপশক্তির কাছে পিছপা হওয়া যাবে না। সাধারণ মানুষের দোরগোড়ায় কাঙ্ক্ষিত ও হয়রানিহীন ভূমিসেবা নিশ্চিত করতেই হবে।
কর্মকর্তাদের আরও বলেন, “যেকোনো ন্যায়সঙ্গত ও সততার লড়াইয়ে আমি সবসময় আপনাদের পাশে আছি। সততার সাথে দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো সমস্যায় আমাকে পাশে পাবেন।”
কোনো প্রকার ভয় বা চাপের কাছে নতি স্বীকার না করে, শতভাগ সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে সরকারি দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের আহ্বান জানান এবং তাঁদের অনুপ্রাণিত করেন।

















