কেরানীগঞ্জে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ, সাভারেই থাকতে চান তিন ইউনিয়নের বাসিন্দারা সাভার উপজেলার তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে কেরানীগঞ্জ মডেল উপজেলার সঙ্গে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা।
শুক্রবার (৭ আগস্ট) দুপুর ২টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ঢাকা–আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহন চালকেরা।
আন্দোলনকারীদের দাবি, তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের সঙ্গে সাভার উপজেলার দীর্ঘদিনের সামাজিক, প্রশাসনিক ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এসব ইউনিয়নকে সাভার থেকে আলাদা করে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত তাঁরা কোনোভাবেই মেনে নেবেন না। নিজেদের বর্তমান উপজেলা সাভারের সঙ্গেই থাকতে চান বলে জানান বিক্ষোভকারীরা।
বিক্ষোভ চলাকালে মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশ করেন আন্দোলনকারীরা। সেখানে বক্তারা বলেন, স্থানীয় জনগণের মতামত উপেক্ষা করে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
বিকেল ৩টা পর্যন্ত হেমায়েতপুর এলাকায় বিক্ষোভ অব্যাহত ছিল। আন্দোলনকারীদের একটি অংশ সড়কে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউনিয়ন তিনটিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার আওতায় নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় ১০টি ইউনিয়ন নিয়ে একটি কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের সম্ভাব্য প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। প্রস্তাবিত তালিকায় কেরানীগঞ্জের সাতটি ইউনিয়নের পাশাপাশি সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের নাম রয়েছে।
তিনি বলেন, এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে এবং উপজেলা প্রশাসনও বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। তবে এটি শুধুমাত্র প্রাথমিক পর্যায়ের প্রস্তাব, এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, স্থানীয় বাসিন্দারা মহাসড়ক অবরোধ করেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।















