সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের পতনের পর দেশটির বহুল আলোচিত গোয়েন্দাপ্রধান হিসসাম লুকিয়ার রাশিয়ায় পালিয়ে আত্মগোপন করেছেন বলে জানিয়েছে বিবিসি।২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর দামেস্কে লুকিয়ার ব্যবহৃত একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র উদ্ধার করেন সাংবাদিকরা। সেখানে দামি পোশাক, স্বর্ণপদক, আসাদের সঙ্গে ছবি এবং একটি নোটবুকে হাতে লেখা ১৫৫টি নাম ও ফোন নম্বর পাওয়া যায়।
লুকিয়ার বিরুদ্ধে সিরিয়ায় বিরোধীদের ওপর নির্যাতন এবং ২০১৫ সালের হোমসের কথিত ‘ঈদ গণহত্যা’র সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার তালিকাতেও তাঁর নাম রয়েছে।
আসাদ সরকারের পতনের পর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে সাংবাদিকেরা নোটবুকে থাকা ফোন নম্বর, চিকিৎসকদের অ্যাপয়েন্টমেন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাঁর অবস্থান শনাক্তের চেষ্টা চালান।
তদন্তে জানা যায়, সরকার পতনের আগের রাতে বিপুল অর্থ নিয়ে তিনি সিরিয়া ছাড়েন। বিভিন্ন সূত্র অনুসরণ করে সাংবাদিকেরা দাবি করেন, ভিন্ন পরিচয়ে রুশ পাসপোর্ট ব্যবহার করে লেবানন হয়ে মস্কোয় পৌঁছান তিনি।
শেষ পর্যন্ত তাঁর একটি রুশ ফোন নম্বরও সংগ্রহ করা হয়। বিবিসি ওই নম্বরে যোগাযোগ করলে লুকিয়া নিজেই ফোন ধরেন। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না বলে জানান।
পরবর্তী অনুসন্ধানে জানা যায়, মস্কোর আশপাশের দুটি উপশহরে আত্মগোপনে রয়েছেন তিনি। রাশিয়ার পক্ষ থেকে তাঁর প্রত্যর্পণ বা অবস্থান নিয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।




















