ঢাকার আশুলিয়ায় ৫ লিটার দেশীয় তৈরি বাংলা মদসহ ইস্রাফিল হাওলাদার ওরফে ইসরা (৫২) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ইস্রাফিল আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরগাঁও পুরাতন পাড়া এলাকার মৃত জব্বার হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে কুরগাঁও এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় আশুলিয়া থানা পুলিশ। জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও উপপরিদর্শক (এসআই) মো. শফিউল আলম সোহাগের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ইস্রাফিলকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে ৫ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
পরদিন বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধারকৃত মদসহ ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(ঙ) উপধারায় দোষী সাব্যস্ত করে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজা প্রদানের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, পাথালিয়ার কুরগাঁও, চারিগ্রাম ও গকুলনগরসহ আশপাশের জনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলা মদ উৎপাদন ও সরবরাহ হয়ে আসছে, যা তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের মূল উৎস ও সরবরাহকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।













