ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় আবারও তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের সাথে মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটে।
সার্বিক নিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। এছাড়া নিরাপত্তার স্বার্থে একাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার (২ নভেম্বর) সকাল থেকেই আশুলিয়ার জামগড়া চৌরাস্তা, ছয়তলা, নিশ্চিন্তপুর, নরসিংহপুর, কাঠগড়া, আমতলা বাজার ও নয়াপাড়া এলাকায় হাজার হাজার শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল নিশ্চিন্তপুর এলাকার একটি পোশাক কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই পুরো শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছিলো। আজ সকাল থেকে শ্রমিকরা আন্দোলনে নেমে বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। একপর্যায়ে গাজীপুরের কাশিমপুর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলেও আন্দোলনের জের ছড়িয়ে পড়ে। বিক্ষোভ সামলাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
কারখানা ও শ্রমিকদের সুরক্ষায় শিল্পাঞ্চলে অতিরিক্ত শিল্প পুলিশ, এপিবিএন এবং থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে মালিকপক্ষ জরুরি ভিত্তিতে ছুটি এবং নির্দিষ্ট কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, থমথমে ভাব বজায় থাকলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সতর্ক অবস্থানের কারণে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।

















