যান্ত্রিক ত্রুটির কারণে আট দিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।রোববার দুপুর ১২টার দিকে ইউনিটটি পুনরায় চালু করা হয়। এর ফলে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিটই বর্তমানে বিদ্যুৎ উৎপাদন করছে।কেন্দ্রের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে দ্বিতীয় ইউনিট চালু করা হয়েছে। শুরুতে ইউনিটটি থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। চাহিদা অনুযায়ী ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে।
এর আগে ১৩ সেপ্টেম্বর যান্ত্রিক সমস্যার কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। তখন প্রথম ইউনিট সচল থাকায় সেখান থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত ছিল।কেন্দ্রটির দুটি ইউনিটের সম্মিলিত উৎপাদন সক্ষমতা ১ হাজার ৩২০ মেগাওয়াট। উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত কেন্দ্রটি পরিচালনা করছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড। বিপিডিবি ও ভারতের এনটিপিসি সমান অংশীদারত্বে প্রতিষ্ঠানটি গঠিত।রামপালের সাপমারী এলাকায় অবস্থিত কেন্দ্রটির প্রথম ইউনিটে ২০২২ সালের ২৩ ডিসেম্বর উৎপাদন শুরু হয়। দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যায় ২০২৩ সালের ২৪ অক্টোবর। পরে ২০২৪ সালের ১২ মার্চ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে যায়।













