ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মো.ওয়াদুদ (৭০) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১সেপ্টেম্বর ২০২৬)বিকেল ৩টার দিকে জামগড়া উত্তরপাড়া অগ্রগতি স্কুল রোড সংলগ্ন একটি মার্কেটে এই ঘটনা ঘটে।নিহত ওয়াদুদ গাইবান্ধার সাদুল্যাপুর থানার জামুডাঙা গ্রামের বাসিন্দা। তিনি আশুলিয়ার জামগড়ায় হিরার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং স্থানীয় আব্দুস সাত্তারের মার্কেটে কাঁচামালের ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্র ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ব্যবসা প্রতিষ্ঠানে এসে দোকানের সাটার নামিয়ে দেন ওয়াদুদ। পরবর্তীতে দীর্ঘ সময় পার হলেও তার কোনো খোঁজ না পেয়ে স্ত্রী শহিদা (৫০) তাকে খুঁজতে দোকানে আসেন। সেখানে দোকানের সাটার তুলতেই ভেতরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সাভার/আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার সংক্রান্ত আইনি প্রক্রিয়া শুরু করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।












