টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ব্রিজে লোহার রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করার চরম জালিয়াতির অভিযোগে ঠিকাদার এস এম জাহাঙ্গীরকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,বাসাইল উপজেলার একটি সরকারি উন্নয়ন প্রকল্পের সেতু নির্মাণকাজে লোহার রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাই দেওয়া হচ্ছিল। রাতের আঁধারে গোপনে এই কারসাজি করার সময় বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। পরে তারা জালিয়াতির ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রডের বদলে বাঁশ ব্যবহারের সত্যতা পায়। এরপরই অভিযান চালিয়ে জালিয়াতির মূল কারিগর ও সংশ্লিষ্ট ঠিকাদার এস এম জাহাঙ্গীরকে আটক করা হয়।
এ বিষয়ে বাসাইল থানার পুলিশ কর্মকর্তা জানান, ব্রিজের কাজে জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ঠিকাদারকে আটক করা হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পে এমন চরম অনিয়ম ও প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।















