ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নে এক নারকীয় ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফুসে উঠেছে স্থানীয় জনতা। বর্বর এই অপরাধের বিচার ও প্রতিবাদের আগুনে জ্বলছে পুরো এলাকা। তীব্র ক্ষোভের মুখে আজ মঙ্গলবার (২২সেপ্টেম্বর ২০২৬) অভিযুক্তদের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উত্তেজিত গ্রামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়,সম্প্রতি চরআলগী এলাকায় এক মর্মান্তিক ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে ওঠেন এলাকাবাসী। আইনগত ব্যবস্থার পাশাপাশি পুঞ্জীভূত ক্ষোভ ও ঘৃণার বিস্ফোরণ ঘটে আজ সকালে। শত শত বিক্ষুব্ধ মানুষ একত্রিত হয়ে অভিযুক্তদের বসতবাড়িতে চড়াও হন এবং তা ভেঙে গুঁড়িয়ে দেন।
উত্তেজিত জনতা জানান,”আমাদের এলাকায় এমন জঘন্য ও বর্বর অপরাধ সহ্য করা হবে না। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ থামবে না।”
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইন নিজের হাতে না তুলে নিয়ে শান্ত থাকার জন্য এলাকাবাসীকে অনুরোধ করা হয়েছে।
বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে,তবে আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।















