দেশের বাড়তে থাকা গ্যাসের চাহিদা মেটাতে কাতার থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।বুধবার অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়। দীর্ঘমেয়াদি সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে এলএনজি দুটি সংগ্রহ করা হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, একটি কার্গো ৬ নভেম্বর এবং অপরটি ২২ নভেম্বর ২০২৬ তারিখে সরবরাহের কথা রয়েছে।প্রস্তাব অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) মূল্যের চেয়ে ০.০২ মার্কিন ডলার কম নির্ধারণ করা হয়েছে। এই মূল্য বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তির নির্ধারিত দামের কাঠামো থেকে আলাদা।
দুটি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করা হয়।দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে গ্যাসের চাহিদা পূরণ এবং সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবেই অতিরিক্ত এই এলএনজি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।











